আশা তবু পরশ করে
জীবন শেষমেশ আশার উপর’ই টিকে থাকে।মানুষ আশা ছাড়েনা বলেই বেঁচে থাকে,শত ঝড়ের ভেতর দাঁড়িয়ে থাকতে পারে।
কবির সুমন গেয়ে ফেলেন-হাল ছেড়োনা বন্ধু,কন্ঠ ছাড়ো।
হেমন্ত দোরগোড়ায় এসে দাঁড়ালে ঝরা পাতার কথা মনে পড়ে।মনে পড়ে দ্য লাস্ট লিফ গল্পটার কথা।মনে পড়ে জীবনানন্দ দাশকে-
সমুদ্রের অন্ধকারে গহ্বরের ঘুম থেকে উঠে
দেখিবে জীবন তার খুলে গেছে পাখির ডিমের মতো ফুটে !

বলিউডের লুটেরা নামে একটা সিনেমা আছে।সেই সিনেমায় মূল চরিত্র মেয়েটা দূরারোগ্য রোগে আক্রান্ত হয়ে ধুঁকছে।তার জানালার বাইরে একটা গাছ,সেই গাছের পাতাগুলো ধীরে ধীরে ঝরে যাচ্ছে।
মেয়েটার মনে হয়,যেদিন এই গাছের শেষ পাতাটা ঝরে যাবে সেদিন সে মারা যাবে।সে রোজ জানালা দিয়ে তাকায়।কিন্তু শেষ পাতাটা বহুদিন ধরে ঝরে পরেনা।সেভাবেই থেকে যায়।
মেয়েটা একদিন কৌতুহলে গাছটার কাছে গিয়ে দাঁড়ায়।
পাতাটা গাছের ডালের সংগে বাধা।বেধে রেখে গেছে তার অতি প্রিয় মানুষ।পাতাটা যেনো না ঝরে।আশাটা যেনো থাকে।
বাঁচবার আশা।
প্রত্যেকের জীবনে এমন একটা শেষ পাতা থাকে ,যা সম্বল করে মানুষ নিজেকে দৃঢ় ধরে রাখে নিজের বৃত্তে।