লাস্ট স্টোরি থ্রী
লাস্ট স্টোরি থ্রী-এর শকুন বত্রার গল্পটার একটা দৃশ্যে রাধিকা বলে,আমি সবসময় ফ্রান্সকে দেখেছি সিনেমা,আর্ট,সঙ্গীত,কলার তীর্থস্থান হিসেবে।কিন্তু আমি যখন সত্যিই সেখানে শরীরে পৌঁছালাম ,তখন দেখলাম ভীড় আর নোংরা। আমার ছবির প্রতিটা ফ্রেমে আমি সেইগুলো লুকাচ্ছিলাম।
মনোলগটা শুনতে শুনতে আমার মনে হলো মানুষের জীবনটাও এমন! এক অধ্যায়ে বসে অন্য অধ্যায়টাকে আমরা আমাদের মত করে কেবল ফ্যান্টাসাইজ করি।ছোটবেলায় মনে আছে সন্ধ্যেবেলায় যখন পড়তে বসতে হতো তখন মনে হতো কবে বড় হবো!বড়দের তো কেউ সন্ধ্যায় পড়তে বলেনা।

কিন্তু বড় হতে হতে জীবনের এক অধ্যায় থেকে অন্য অধ্যায়ে পা রাখতে রাখতে আমরা জেনে যাই,মানুষ,সম্পর্ক,জীবনের নানান উত্থান পতন আসলে আমাদের ভাবনার মতো ছিমছাম,পরিপাটি ,নিয়ন্ত্রণযোগ্য নয়।মানুষ,,সম্পর্ক ,জীবনের নানান উত্থান পতনে পা রেখে আমরা বুঝতে পারি সেই ভিড় আর নোংরাকে।যে যত ভালো ফ্রেমিং করতে পারে তার জীবন ততোই ভালো হয়ে ওঠে মানুষের সামনে।
যে পারেনা তার জীবন অগোছালো,ছন্নছাড়া হয়ে ফুটে ওঠে সবার সামনে।
দূর থেকে আমরা যে জীবনকে ভাবি সেটা সেই সুন্দর ফ্রেমের মধ্যে দেখি।কাছে গিয়ে বুঝি, ফ্রেমের বাইরে আরও অনেক কিছু পড়ে আছে। সেগুলোও জীবনেরই অংশ।
আসল জীবনের মধ্যে যে ভিড়, নোংরা আর বিশৃঙ্খলা তাকে ভাবনার ফ্রেমের কাছাকাছি নেবার যে চেষ্টা সেটাই এই বেঁচে থাকাকে সম্পূর্ণ করে।আর যে ফ্রেম আমরা গড়ি আর যে ফ্রেম ভাবি তা’ই তার পার্থক্যই হয়তো আমাদের বাঁচিয়ে রাখে,এতোটা পেরেছি এইটুকুও পেরে যাবো-এই আশাটুকু জাগিয়ে রাখে!