হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান
হেমন্তের দিকে দিনগুলো এগিয়ে যেতে থাকলে উৎপল কুমার বসুর এই লাইনটা মাথার মধ্যে সেটে থাকে -আমার ব্যক্তিগত লিখনভঙ্গিমা আমি হারিয়েছি বাদামপাহাড়ে।
মনে হয় ভাস্কর চক্রবর্তী কানের কাছে নিঃশ্বাস ফেলে আওড়াচ্ছেন- এইসব সারেগামা পেরিয়ে তোমার কাছে দু-দণ্ড বসতে ইচ্ছে করে।
আর দিগন্ত ছাপিয়ে হেমন্ত এক জমকালো মেলানকোলির জামা গায়ে দিয়ে নামতে থাকে ধীরে।
আমার কেবলই মনে হয় এই মাত্র ভ্যারলেন রেঁব্যোকে গেলেন ছেড়ে।জীবনানন্দ শোভনার জন্যেই পাঁজর উপুর করে লিখতে বসেছেন কোনো এক কবিতা।
লিখছেন-
অনেক মুহূর্ত আমি করেছি ক্ষয়,করে ফেলে বুঝেছি সময় যদিও অনন্ত,তবু প্রেম যেন অনন্ত নিয়ে নয়।
এখনই অমৃতা প্রীতম অ্যাশট্রে থেকে তুলে নিচ্ছেন সাহিরের ফেলে যাওয়া আধখাওয়া সিগারেট।ইমরোজ, তার চারপাশে সাত চক্কর কেটে বলছেন-
আমার পৃথিবী ভ্রমণ হয়ে গেছে, তুমিই আমার পৃথিবী।
মাহমুদ দারবিশ লিখবেন-তোমাকে ভুলে যাবার জন্য আমি যে পথগুলো হেঁটেছি সেগুলোও আমাকে তোমার কাছে নিয়ে গেছে।
আর তখনই ভ্যান গঘ ঢুকে পড়ছেন গমক্ষেতে-নিজের বুকে গুলি চালাচ্ছেন। তারপর টলতে টলতে চলে যাচ্ছেন পাশের সরাইখানায়, মৃত্যুর দিকে।
নিৎশে তো বলেছিলেনই-বেঁচে থাকা মানেই দুঃখ ভোগ করা আর টিকে থাকার মানে সেই দুঃখে কোনো অর্থ খুঁজে নেয়া।
সেই অর্থ খুঁজতেই জীবনের দিকে ফিরে তাকালে মনে হয়,বিষন্নতা আসলে আত্মাকে অনুবাদ করবার ভাষা।