নাম নেই এমন কবিতা-৩
লিখবো বলে আর লেখা হয়না। শহুরে হাওয়ায় কাক ওড়ে। বাতাস দুলে দুলে সরে যায়। রাস্তার ভিড় আর কোলাহল ঠেলে যখন নিজের কাছে এসে দাঁড়াই, তুমি তখন সবজিওয়ালার ভ্যান থেকে বেছে বেছে তুলে নেয়া জীবন।রান্নার হাঁড়িতে কষিয়ে নেয়ার মশলার স্বাদের মত আমুদে। প্রয়োজনের নানান রূপে আমাদের মেটাফোর ঘটছে রোজ। গাঢ় হচ্ছো, হচ্ছি আমি।অন্যদিকে যে শিশুটা পাঁচটাকার আশায় হাত পেতে আছে গাড়ির জানালায়, তার হাতের রেখায় যাপনের প্রেতেরা নাচছে কিলবিল। দুঃখগুলো হর্ণ বাজিয়ে পৌঁছে যাচ্ছে সিগনাল থেকে সিগনালে, সৌভাগ্য হয়তো আটকে আছে সিগনালে, জ্যামে। মানুষের থেমে থাকবার কোনো উপায় নেই। ছুট তাই রোজ। বেড়ে যাওয়া চাল, ডাল, তেলে মানুষের স্বপ্ন এখনও হাওয়ার মিঠাই হয়ে ঘুরে। ফুটপাত দিয়ে ওরা হাত ধরে হাঁটে, ক্যান্টিনে চা খেতে খেতে প্রেমে পড়ে। স্বপ্নের দাম হাওয়ার মিঠাইর থেকে বেড়ে ঘর – বাড়ি, ইট – কাঠ ছোঁয়। রাস্তায় ভিড় বাড়ে, খালি থাকেনা ফুটপাত। গায়ে গা লেগে যাবার গ্লানি নিয়ে পথ বাড়ায় পা। আটকে থাকেনা কিছু। অচলায়তনেত ফাঁদে আটকে আটকে মানুষ শিখে নেয় সচল রাখবার ছল। পার্কের বেঞ্চিতে প্রেম করে প্রজন্ম। ওরা অন্যরকম। এককাল থেকে অন্যকালের তফাৎ হয়ে আমরা পাশাপাশি বাঁচি।





